
চিঠি হাতে ডাক পিওন দেখলেই রেগে যাচ্ছে কাক
চিঠি দেখলে কাক রেগে যায়, এমন কথা আগে কেউ কখনও শোনেনি। কিন্তু হচ্ছে তাই। এক কাকের আক্রমণের কারণে কানাডার একটি শহরে ডাক পরিষেবা বন্ধ করা হয়েছে। ডাক বিভাগ গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ডাক পিওনের ওপর বারবার একটি কাকের আক্রমণের কারণে তারা ভ্যাঙ্কুবারের আশপাশের এলাকায় ডাক পাঠানো স্থগিত করেছে। ভ্যাঙ্কুবারের পূর্বাঞ্চলের তিনটি বাড়িতে ডাক পাঠানোর সময় পিওনের উপর একটি কাক বার বার আক্রমণ চালায়। ওই কাকের ঠোক্করে এক ডাক পিওন আহত হয়েছেন বলেও খবর।
কানাডা পোস্টের এক মুখাপত্র এক বিবৃতিতে জানিয়েছেন, কর্মচারীদের নিরাপত্তা তাদের কাছে ‘সবথেকে বেশি গুরুত্বপূর্ণ’। তাদের ডাক বাহকেরা ওই এলাকায় বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন। তাদেরনিরাপত্তা নিশ্চিত করার পর যত দ্রুত সম্ভব এই সেবা পুনরায় চালু করা হবে। বর্তমানে স্থানীয় বাসিন্দাদের নিজের নিজের চিঠিপত্র তাদের কার্যালয়ে গিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ডাক বিভাগ।
