গরুর মুখোশ পরিয়ে ছবি তুলে অভিনব প্রতিবাদ

দেশের সরকার মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার বদলে গরুর নিরাপত্তা নিয়ে বেশি ভাবিত

কখনও দিল্লির ইন্ডিয়া গেটের সামনে, কখনও ট্রেনের কামরা বা ক্লাসরুম আবার কখনও বাড়িতে। গরুর মুখোশ পরে ছবি তুলছে মেয়েরা। আর সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার কারিগর যিনি, তিনি কলকাতার ছেলে সুজাত্র ঘোষ। ২৩ বছর বয়সী একজন ফোটোগ্রাফার। তাঁর বক্তব্য, ভারতে প্রতি ১৫ মিনিটে একজন মহিলা ধর্ষিত হন। আর সেই দেশের সরকার মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার বদলে গরুর নিরাপত্তা নিয়ে বেশি ভাবিত। তাই অগ্রাধিকার যদি গরু পায় তবে মেয়েরা গরুর মুখোশ পরে থাকলে তাঁরা যদি সেই নিরাপত্তার ছিঁটেফোঁটাও পান।

সুজাত্র ঘোষ বলেন, এই হিন্দু গোরক্ষা গোষ্ঠীগুলোর তৎপরতা এবং তাদের প্রভাবের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই তিনি এই অভিনব ফটোগ্রাফির ধারণা নিয়ে কাজ শুরু করেন। সম্প্রতি নিউইয়র্ক সফরে গিয়ে কিছু গরুর মুখোশ সংগ্রহ করে আনেন তিনি। এরপর বন্ধুবান্ধব, চেনা-পরিচিতদের মধ্যে থেকেই মডেল বেছে নিয়ে শুরু হয় মুখোশ পরিয়ে ছবি তোলার কাজ। সপ্তাহ দুয়েক আগে সেসব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে ওঠে ছবিগুলি।

তবে এই কাজের জন্য প্রচুর হুমকির শিকারও হয়েছেন সুজাত্র। তিনি বলছেন, টুইটারে লোকজন আমাকে ট্রল করতে শুরু করে। কেউ কেউ এমন কথাও বলে, আমাকে আর আমার মডেলদের দিল্লির জুম্মা মসজিদে নিয়ে জবাই করা উচিত। তবে হুমকিতে পিছিয়ে যাচ্ছেননা এই তরুণ চিত্রগ্রাহক। তিনি জানেন তাঁর প্রতিবাদটা ধর্ম আর রাজনীতির বিষাক্ত মিশেলের বিরুদ্ধে, আর খুব সচেতন ভাবেই তিনি সেটা চালিয়ে যেতে চান।

Developed by DXDasia